পূর্বধলায় মাদক সেবন ও বিক্রির দায়ে দুইজনের জেল-জরিমানা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১১:২৮ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক দুটি অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) উপজেলার লালমিয়ার বাজার ও শ্যামগঞ্জ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে একটি রেইডিং টিম পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলা সদরের লালমিয়ার বাজার থেকে গাঁজা বিক্রি ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মো. আলম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই দিনে শ্যামগঞ্জ এলাকায় পৃথক অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় আব্দুল্লাহ আল ফারাবী তমাল (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আলম উপজেলার খলিশাউড় ইউনিয়নের বর্নাকান্দা গ্রামের মো. সুরুজ আলীর ছেলে। অপরদিকে আব্দুল্লাহ আল ফারাবী তমাল গোহালাকান্দা ইউনিয়নের ছিলিম গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।
পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান ঘটনাস্থলে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অভিযানে জব্দ করা ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




_medium_1780902566.jpg)


