সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

নেত্রকোনায় ডিমওয়ালা মাছ ধরার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ দুপুর

নেত্রকোনার হাওর, বিল, নদী ও বিভিন্ন প্রাকৃতিক জলাশয় থেকে ডিমওয়ালা মাছ ধরা, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় সচেতন নাগরিক, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং জনউদ্যোগ ও যুবফোরাম নেত্রকোনার আয়োজনে কর্মসূচিটি পালিত হয়।

বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশবিদ ওহিদুর রহমান, জন উদ্যোগের ফেলু শ্যামলেন্দু পালসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নির্বিচারে ডিমওয়ালা মাছ নিধন চলতে থাকলে দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়বে। এতে ভবিষ্যতে মাছের উৎপাদন কমে গিয়ে জীববৈচিত্র্য ও খাদ্য নিরাপত্তা সংকটে পড়তে পারে।
তারা অবিলম্বে ডিমওয়ালা মাছ ধরা, বিক্রি ও বিপণন বন্ধে কঠোর নজরদারি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে প্রজনন মৌসুমে মাছ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত