শেরপুর পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ বিকাল

শেরপুর পৌরসভার উদ্যোগে অসহায় ও দুস্থ্য রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল সোমবার দিনব্যাপী শেরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কসবা নামাপাড়া মহল্লায় জমির উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে মেডিসিন, শিশু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী এই ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার সম্মানিত প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা।
মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ, শিশু সহ প্রায় ৩ শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন এবং পৌরসভার অর্থায়নে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ কেয়া ডাঃ হিমেল ও ডাঃ রুম্পা।
বক্তারা, শেরপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গৃহীত এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া ব্যক্তিগত জীবনে সুস্থ থাকার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণসহ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।







