সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল করে সড়ক নির্মাণের অভিযোগ 


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় খলিশাউড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জমি দখল করে অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রাণী সরকার সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে শনিবার (৪ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, খলিশাউড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা সংলগ্ন এলাকায় স্থানীয় কিছু ব্যক্তি অবৈধভাবে মাটি ভরাট করে সড়ক নির্মাণ করছেন। কেন্দ্রের কর্তব্যরত কর্মচারী বাধা দিলেও তারা কাজ অব্যাহত রেখেছেন। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, খলিশাউড় গ্রামের চকপাড়া এলাকার কয়েকটি পাড়ার মানুষ দীর্ঘদিন ধরে একটি সড়কের অভাবে চরম দুর্ভোগে রয়েছেন। এতদিন তারা খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে যাতায়াত করত। বর্তমানে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার্থীদের লেখাপড়া এবং খেলাধুলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য সীমানা নির্মানের উদ্যোগ নেন। এতে শতশত পরিবারের চলাচলা বন্ধ হওয়ার উপক্রম হয়। তারা উপায়হীন হয়ে বিকল্প এ রাস্তা তৈরির উদ্যোগ নেন। এ বিষয়ে ইতিপুর্বে তারা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে হাসপাতালের উত্তর পাশে স্কুল ও পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানার মাঝখান দিয়ে পরিত্যক্ত স্থানে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করেছেন। তাদের প্রত্যাশা, কর্তৃপক্ষ বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান জানান, অভিযোগটি তিনি পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তিনি নিজেও শিগগিরই সেখানে যাবেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত