কেশবপুরে মোটরসাইকেল থেকে তেল নামিয়ে মজুদকালে জরিমানা
আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ দুপুর

যশোরের কেশবপুরে মোটরসাইকেল থেকে জ্বালানি তেল নামিয়ে বোতলে মজুদকালে হৃদয় রায় (২৪) নামে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন মেহের আলী সুপার মার্কেটের গলির ভেতরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় তার কাছ থেকে ৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামের বিশ্বজিৎ রায়ের ছেলে হৃদয় রায় (২৪) শনিবার রাতে শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন মেহের আলী সুপার মার্কেটের গলির ভেতরে তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে জ্বালানি তেল নামিয়ে বোতলে মজুদ করছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন তাকে হাতেনাতে ধরে ফেলেন। জ্বালানি তেল মজুদের উদ্দেশ্যে বোতলে রাখার অপরাধে তিনি ভ্রাম্যমাণ আদালতে হৃদয় রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া তার কাছ থেকে ৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, জ্বালানি তেল মজুদের উদ্দেশ্যে বোতলে রাখার অপরাধে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার কাছ থেকে জব্দকৃত ৪ লিটার তেল স্থানীয় ফিলিং স্টেশনে বিক্রি করে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।


_medium_1775451398.jpg)




