গাইবান্ধায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ বিকাল

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে গাইবান্ধায় এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার সভাটি সঞ্চালনা করেন। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নববর্ষের সকালে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
পহেলা বৈশাখকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। এছাড়া নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরকে বরণ করে নিতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। আমরা চাই, গাইবান্ধাবাসী উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করুক।”
সভায় বক্তারা নববর্ষের উৎসবকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এর অন্তর্নিহিত চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।







