ময়মনসিংহ শেরপুর সড়কে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
এস এম হোসেন আলী
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ বিকাল

ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ফুলপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততঃ ১৫/২০ জন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।১৮ ফেব্রুয়ারি-২০২৬ ইং তারিখ রোজ বুধবার বেলা আনুমানিক পৌনে ১১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের ফুলপুর উপজেলা বিদ্যুৎ অফিস সংলগ্ন কাকলী রাইস মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে।
জানাগেছে, ১২ ফেব্রুয়ারি-২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেজর সাইফুল ইসলামের নেতৃত্বে ফুলপুরে দায়িত্ব পালন করতে এসেছিলেন সেনাবাহিনীর একটি টিম। তারা ফুলপুর খাদ্য গুদাম ও ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন আনন্দ স্কুলে অস্থায়ী ক্যাম্পে থাকতেন। সেখান থেকে মালামালসহ আজ তারা ময়মনসিংহ আর্মি ক্যাম্পে ফিরছিলেন। মালামাল বহনকারী ট্রাকের চালক ছিলেন সার্জেন্ট রেজাউল। তার সাথে ছিলেন সার্জেন্ট পার্থ কিন্তু হঠাৎ ঢাকা থেকে শেরপুরের শ্রীবর্দীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১২- ৪৭৬৪) বেপরোয়া গতিতে বাম সাইড থেকে ডান সাইডে গিয়ে আর্মির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সার্জেন্ট রেজাউল ও বাস চালক জুবায়েদ (বিসু)। তখন দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ফুলপুর আর্মি ক্যাম্প প্রধান মেজর সাইফ ও তার টিমের সদস্যরাও পাশাপাশি গাড়িতে যাচ্ছিলেন।পরে উনার নেতৃত্বে উদ্ধার কাজে অংশ নেন সেনাসদস্যরা।
এছাড়া খবর পেয়ে দ্রুত ফুলপুর থানা পুলিশ, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান, ফুলপুর ফায়ার স্টেশনের সদস্যগণ ও এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেন। এসময় উভয় পাশের যানবাহন ও পথচারীরা জ্যামে আটকা পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে গাড়ি চলাচলের উপযোগী করেন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সাদ মাহমুদ জয় জানান, আহতদের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ২০ জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১১ জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন আর গুরুতর ৮জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে রেফার করা হয়েছে। কিন্তু বাস চালকের ডেড বডি হাসপাতালে রয়েছে।
নিহতরা হলেন-সেনাবাহিনীর ট্রাক চালক সার্জেন্ট রেজাউল আর বাস চালক শেরপুর সদর উপজেলার কানশাখোলা গ্রামের হানিফ ড্রাইভারের পুত্র জুবায়েদ (বিসু)।
এ বিষয়ে ফুলপুর আর্মি ক্যাম্প প্রধান মেজর সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের পিকআপ ভ্যানের চালক সার্জেন্ট রেজাউল ঘটনাস্থলে মারা গেছেন আর আহত সার্জেন্ট পার্থ ঘাড়ে মারাত্মক আঘাত পেয়েছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ রাকিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুজন মারা গেছেন। আর আহত হয়েছেন ১৮ থেকে ২০ জন।
সেনাবাহিনীর পিক-আপটি তারা নিয়ে গেছেন আর বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। ফুলপুর থানার ওসি রাশেদুল হাসান বলেন, মোট দুজন মারা গেছেন। তাদের লাশ দুটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


_medium_1771501131.jpg)




