শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় নিষিদ্ধ ওষুধ উদ্ধার
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৯ দুপুর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা চালাচ্ছিল একটি চোরাকারবারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি রাতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় Tapentadol Tablets 100mg আটক করে।
ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডলকে ২০২০ সালে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য ঘোষণা করে সরকার। এই ট্যাবলেট দেশের ফার্মেসিগুলোতে বিক্রি বন্ধের নির্দেশনাও দেওয়া হয়। এরপর কিছুদিন নাগালের বাইরে থাকলেও সম্প্রতি মাদকসেবীদের কাছে এর চাহিদা ও জোগান বাড়ছে। অন্য মাদকের চেয়ে সহজলভ্য এবং দাম কম হওয়ায় এই মাদকের চাহিদা বাড়ছে বলে মনে করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা।
উদ্ধারকৃত ওষুধের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা । বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিত বলেন, "সীমান্ত নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
উদ্ধারকৃত মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


_medium_1771412260.jpg)




