মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
আরবান ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ দুপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সম্ভাব্য মন্ত্রীদের ফোন কল দেওয়া শুরু হয়। এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি রাজপথের তরুণ নেতা এবং বিশেষজ্ঞদের সমন্বয় দেখা যাচ্ছে।
নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়াও কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, এ জে এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মো. আসাদুজ্জামান ও আফরোজা খানম রিতা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।
সিলেট-১ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত খন্দকার আবদুল মুক্তাদীর পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। তিনি জানান, দল যে আস্থা দেখিয়েছে তার প্রতিদান তিনি কাজের মাধ্যমে দিতে চান। একইভাবে বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন ও কুমিল্লা-৩ আসন থেকে ছয়বার নির্বাচিত কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাঙামাটি থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ানও পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মন্ত্রিসভায় বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন তরুণ ও জোটের নেতারা। পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত নুরুল হক নুর এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এ ছাড়াও তরুণ রাজনীতিবিদ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন বলে তাঁর দপ্তর নিশ্চিত করেছে।
সাবেক ফুটবলার আমিনুল হক ঢাকা-১৬ আসনে পরাজিত হলেও তাঁকে বিশেষজ্ঞ কোটায় (টেকনোক্র্যাট) প্রতিমন্ত্রী করা হচ্ছে। একইভাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় পূর্ণমন্ত্রী এবং কুমিল্লার হাজি আমিনুর রশীদ ইয়াছিন টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ফোন পেয়েছেন।
প্রতিমন্ত্রী হিসেবে আরও ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, নেত্রকোনা-১ আসনের কায়সার কামাল ও নাটোর-১ আসনের ফারজানা শারমিন। কায়সার কামাল জানান, তাঁকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে। এ ছাড়া জামালপুর-১ আসনের এম রশিদুজ্জামান মিল্লাত, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম এবং পঞ্চগড়-২ আসনের ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।
সিলেট থেকে প্রথমবারের মতো নির্বাচিত আরিফুল হক চৌধুরীও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ফোন পেয়েছেন। তিনি জানান, সবাইকে নিয়ে তিনি আগামীর পথ চলতে চান। আজ বিকেলেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নতুন মন্ত্রিসভার এই সদস্যরা শপথ গ্রহণ করবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।






