বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

জামালপুরে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের বিশেষ কর্মশালা


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ রাত

​টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের গুরুত্ব নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (১২ এপ্রিল) জামালপুরের আনন্দবাজার এলাকায় ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।
 
​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এমদাদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, "কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বায়োপেস্টিসাইড একটি কার্যকর ও পরিবেশবান্ধব বিকল্প। কৃষকদের মাঝে এর প্রচার ও প্রসার বাড়ানো এখন সময়ের দাবি।"
 
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম এবং বিশিষ্ট বীজ ডিলার মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন জামালপুর জেলার টেরিটোরি অফিসার কৃষিবিদ ডিলটন চন্দ্র সিংহ।
 
​বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইডের বহুমুখী সুবিধা ও কার্যকারিতা কৃষকদের সামনে তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষিতে আধুনিক ও টেকসই পদ্ধতির প্রসার ঘটিয়ে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
​কর্মশালায় মধুপুর টেরিটরি অফিসার নূর মোহাম্মদসহ ওই এলাকার ৫৫ জন মডেল কৃষক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কৃষকরাও বিষমুক্ত ফসল উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারের বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত