পূর্বধলায় মাদক সেবনের সময় আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারন্দিয়া ইউনিয়নের ইয়ারণ এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-নারন্দিয়া গ্রামের পলাশ মিয়া (২৬), ইয়ারণ গ্রামের ফারুক হোসেন (৪২) ও গোহালাকান্দা গ্রামের সুরুজ মিয়া (৩০)। তারা সবাই পূর্বধলা উপজেলার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বসতঘরের পাশে মাদকের আসরে তাদের হাতেনাতে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, আটক ব্যক্তিরা অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই দণ্ড দেওয়া হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।




~2_medium_1775640524.jpg)


