দুর্গাপুরে দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস
নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬ বিকাল
_original_1775567803.jpg)
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে দায়সারা ভাবে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
মঙ্গলবার সকালে অভ্যন্তরীণ র্যালি এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিবসটি পালন হয়। সীমিত আয়োজন, জনসচেতনতামূলক কোনো কার্যক্রম এবং সাধারণ মানুষের উপস্থিতি না থাকায় এ নিয়ে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরা হলেও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল অনেকাংশেই কম। বিশ্ব স্বাস্থ্য দিবসের মতো গুরুত্বপূর্ণ একটি দিন আরও ব্যাপকভাবে পালন করা উচিত ছিল। স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগের অভাব নিয়ে হতাশা প্রকাশ করেন স্থানীয়রা।
আলোচনা সভায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হানের সভাপতিত্বে, প্রধান সহকারী আব্দুল লতিফ এর সঞ্চালনায় আলোচনা করেন মেডিকেল অফিসার শেখ ফারহানা সুলতানা, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী, ডিএসকের প্রকল্প সমন্বয়কারী রূপন কুমার সরকার, রুসার পরিচালক নূরে আলমসহ অন্যান্য প্রতিনিধিগণ।







