টানা ৫ দিন পেট্রোলহীন পূর্বধলা, দুর্গাপুরে স্বাভাবিক চিত্র
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় টানা পাঁচ দিন ধরে তীব্র পেট্রোল সংকট চলছে। উপজেলার তিনটি প্রধান ফিলিং স্টেশনে পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় মোটরসাইকেল চালকসহ সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে পাশের দুর্গাপুর উপজেলায় পেট্রোল সরবরাহ স্বাভাবিক থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) পূর্বধলার তিনটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, কোথাও পেট্রোল বিক্রি হচ্ছে না।
উপজেলার পূর্বধলা ফিলিং স্টেশনে সর্বশেষ ৩১ মার্চ পেট্রোল সরবরাহ করা হয়। স্টেশনের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার দিলীপ চন্দ্র সরকার বলেন, পেট্রোল না থাকায় বর্তমানে শুধু ডিজেল বিক্রি করা হচ্ছে।
জমজম ফিলিং স্টেশনে সর্বশেষ ৪ এপ্রিল পেট্রোল বিক্রি হয়েছে। ট্যাগ অফিসার মো. সালাউদ্দিন খান রবিন জানান, মালিকপক্ষ ডিপো থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে।
একই দিন পর্যন্ত সরবরাহ ছিল গিরিপথ ফিলিং স্টেশনেও। ট্যাগ অফিসার মো. আশরাফুল আলম বলেন, এরপর আর কোনো তেলের গাড়ি আসেনি। নতুন করে সরবরাহ আসার সম্ভাবনা আছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
অন্যদিকে পাশের দুর্গাপুর উপজেলার চিত্র ভিন্ন। সেখানে পেট্রোল সরবরাহ স্বাভাবিক রয়েছে। দুর্গাপুরের মেসার্স খোরশেদ খান ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, তাদের স্টেশনে নিয়মিত পেট্রোল আসছে; গত রাতেও প্রায় সাড়ে চার হাজার লিটার পেট্রোল সরবরাহ হয়েছে।
পূর্বধলায় পেট্রোল না আসার কারণ জানতে চাইলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান বলেন, পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে তারা তেল পাচ্ছে না। বিষয়টি নিয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়া হচ্ছে।
দীর্ঘ সময় ধরে পেট্রোল সংকট চলায় স্থানীয়দের মধ্যে কৃত্রিম সংকট নাকি সরবরাহ ব্যবস্থার ত্রুটি-এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

_medium_1779259042.jpg)





