শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপি প্রার্থী রুবেলের লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১১:২২ দুপুর

স্থগিতকৃত শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বড় ব্যবধানে জয়ী হয়েছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লক্ষ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।
এই আসনে অপর প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীক নিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।
এই আসনের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪ লক্ষ ১৩ হাজার ৩৭৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লক্ষ ১৫ হাজার ৭৩৪ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লক্ষ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল হয়েছে ২ হাজার ৮৬ ভোট। ভোটের হার শতকরা ৫২.১৯ পারসেন্ট।
উল্লেখ্য, বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদ রুবেল এ নিয়ে চতুর্থবারের মতো বিজয়ী হলেন।
১৯৯৪ সালে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য রুবেলের পিতা সেরাজুল হকের মৃত্যুজনিত কারণে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একবার এবং এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে বিএনপি প্রার্থী হয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।







