পূর্বধলায় বৈশাখী ছাত্র সংঘের নির্বাচন: সভাপতি তুষার খান, সম্পাদক তুষার দত্ত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘বৈশাখী ছাত্র সংঘ’-এর কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন সংগঠনের সদস্যরা।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তুষার খান ও খাইরুল ইসলাম। মোট ১০২ জন ভোটারের মধ্যে ৭১ ভোট পেয়ে তুষার খান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাইরুল ইসলাম পান ৩০ ভোট। একটি ভোট বাতিল হয়।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে তুষার দত্ত এবং ক্রীড়া সম্পাদক পদে মুরসালিন ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে পুরো কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সংগঠনের বিদায়ী সভাপতি মাহবুব হোসেন ফরহাদ ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে।
নতুন কমিটির নেতাদের স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে।







