কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ডুবে নিহতদের পরিবারে সরকারি সহায়তা বিতরণ
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ বিকাল

নেত্রকোণার কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পানিতে ডুবে নিহতদের পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে সরকারি সহায়তার চেক প্রদান করা হয়। সহায়তা প্রাপ্তরা হলেন— কনুড়া গ্রামের আলী আকবর, নাজিরপুর বাজারের মো. আব্দুল মোতালেব এবং নয়াপাড়া গ্রামের মো. রিপন মিয়া।
এছাড়া পানিতে ডুবে মৃত্যুবরণ করা কৈলাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত ইব্রাহিম এবং একই ইউনিয়নের বিষমপুর গ্রামের মৃত তালহার পরিবারের মাঝেও সরকারি সহায়তা প্রদান করা হয়। নিহত ইব্রাহিমের মা ঝুমা খাতুন এবং তালহার বাবা মামুন মিয়ার হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের প্রতিনিধিদের হাতে এসব চেক হস্তান্তর করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, পিআইওসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







