পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশনের খাদ্য সহায়তা পেল ৮৫ অপুষ্ট শিশুর পরিবার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ বিকাল

পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশনের খাদ্য সহায়তা পেল ৮৫ অপুষ্ট শিশুর পরিবার
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অপুষ্ট শিশুদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পূর্বধলা এপি হলরুমে পূর্বধলা এপির আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান।
সভাপতিত্ব করেন নান্দাইল এপিসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মো. মইন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তাসনীম জাহান বলেন, অপুষ্টি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এ ধরনের উদ্যোগ অপুষ্টি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার মোট ৮৫টি অপুষ্ট শিশুর পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল ও ৫ কেজি তেল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।







