মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শপথ নিতে যাচ্ছেন পূর্বধলা আসনে জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য মাছুম মোস্তফা 


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ রাত

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি), শপথ নিতে যাচ্ছেন ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াত থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা। জাতীয় সংসদ ভবনে অন্যান্য নব-নির্বাচিত সংসদ সদস্যদের সাথে তিনিও শপথ গ্রহণ করবেন। সংসদ সচিবালয়ের সচিব, কানিজ মওলা গণমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার সকালে সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে সদস্যদের শপথ গ্রহণ করানো হবে, পরে বিকেলে  নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে।  

নেত্রকোণা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা পূর্বধলা আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন এমন খবরে পূর্বধলা উপজেলায় তার নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রিয় নেতার সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রার সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা। উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী থেকে ২ হাজার ৭৬৫ ভোট বেশি পেয়ে, ৮২,১১৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মাছুম মোস্তফা। 

এবার দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা  হচ্ছে। শপথ গ্রহণ শেষে নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে, যেখানে তারা তাদের সংসদীয় নেতা নির্বাচন করবেন। পরবর্তীতে দলের নেতা রাষ্ট্রপতির কাছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন করবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেবেন।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। নির্বাচন কমিশনের বেসরকারি ফল অনুযায়ী, ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে, এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত