শেরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতীদের সংবর্ধনা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ দুপুর
_original_1771412260.jpg)
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘোরজান গ্রামে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
ডপস (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি) এর উদ্যোগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গ্রামের দরিদ্র পরিবারের ৫০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণীতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
এ ছাড়া ডপস এর একজন সদস্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ভর্তি হওয়ার গৌরব অর্জন করায় তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
ডপস প্রতিষ্ঠাতা শাহীন মিয়া, বিএসপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব রহুল আমিন, ডা: সুজন মিয়া, নবী হোসেন, শিক্ষক আরিফুল ইসলাম, হযরত আলীসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
সভাপতির বক্তব্যে শাহীন মিয়া বলেন, গ্রামের অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে ঝরে পড়ে। তাদের পাশে দাঁড়িয়ে শিক্ষা উপকরণ ও অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে আমরা তাদের স্বপ্নপূরণে সহায়তা করতে চাই। শিক্ষার্থীদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং তাদেরকে ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
স্থানীয় অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।







