শেরপুরে ভুয়া ডিবি পুলিশ আটক
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১০:২২ দুপুর
_original_1787113335.jpg)
শেরপুরের নকলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নেওয়ার অভিযোগে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। আটক কাজল মিয়া নকলা পৌরসভার ফেরুষা মহল্লার জবান আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাতে কাজল মিয়াসহ চারজন চিথলিয়া বাজার এলাকায় গিয়ে নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় তারা চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলীর কাছ থেকে ৯ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি সন্দেহজনক মনে হলে পরদিন রাতে আয়ুব আলী কয়েকজনকে সঙ্গে নিয়ে গণপদ্দী এলাকায় কাজল মিয়াকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের পর কাজল মিয়াকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পর কাজল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


_medium_1787113071.jpg)




