বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

দেশীয় ফলের ঐতিহ্য ও সবুজের বার্তায় পূর্বধলা প্রেসক্লাবে ফল উৎসব ও বৃক্ষরোপণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ বিকাল

নেত্রকোণার পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে দেশীয় মৌসুমী ফলের ঐতিহ্য তুলে ধরা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে মৌসুমী ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের আরবান-এর প্রকাশক-সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান (মাছুম), উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, আহমদ আলী সরকার, এম এ মান্নান, আনোয়ার ইসলাম আনার, উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলী শাহীন, শফিকুল আলম শাহীন, সাবেক সহ-সভাপতি নুর আহমদ খান রতনসহ অন্যান্যরা।

এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশীয় বিভিন্ন মৌসুমী ফল যেমন আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, কলা, লটকন, নারকেল, আমলকী, ড্রাগন ফলসহ নানা ধরনের ফল প্রদর্শন ও পরিবেশন করা হয়। অতিথিরা ফলের পুষ্টিগুণ, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

পরে প্রেসক্লাব প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি-এই তিন শ্রেণির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দেশীয় ফল আমাদের পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পূর্বধলা প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রেসক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত