নেত্রকোণার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পূর্বধলা থানার আব্দুল্লাহ আল মামুন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৮ সকাল

নেত্রকোণা জেলা পুলিশের জুন-২০২৬ মাসের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, মামলা তদন্তে দক্ষতা এবং সার্বিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানার অপরাধ পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিশেষ কার্যক্রমে সার্বিক সাফল্যের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়। এসব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সব থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারে বিশেষ অবদান রাখায় পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, পিপিএম, এসআই আব্দুল্লাহ আল রাহিদ এবং কনস্টেবল নাহিদ হাসান খান-কেও পৃথকভাবে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম অপরাধ দমনে আরও জোরালো অভিযান পরিচালনা, মামলা তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট নিষ্পত্তি এবং জনসেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল থানার কর্মকর্তাদের নির্দেশনা দেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এটি পূর্বধলা থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি। অপরাধ দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আমার সহকর্মীরা নিরলসভাবে কাজ করেছেন। তাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “পূর্বধলার মানুষ যাতে আরও দ্রুত, স্বচ্ছ ও মানবিক পুলিশি সেবা পান, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় থাকবে। জনগণের সহযোগিতায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পূর্বধলা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল পূর্বধলা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আব্দুল্লাহ আল মামুন। দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকবিরোধী অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ, থানার শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করে তিনি স্থানীয় জনগণের প্রশংসা অর্জন করেছেন। তার নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।






_medium_1784026260.jpg)
