মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

স্বীকৃতির চার দশক পরও এমপিওর বাইরে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকরা, পূর্বধলায় জাতীয়করণের দাবি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৯ বিকাল

সরকারি স্বীকৃতি পাওয়ার চার দশকেরও বেশি সময় পার হলেও এখনও এমপিওভুক্ত বা জাতীয়করণ করা হয়নি দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ছাড়াই পাঠদান করে আসা এসব শিক্ষক এবার নেত্রকোণার পূর্বধলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে শিক্ষক নেতারা ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।

একই সঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্ত বা জাতীয়করণ এবং বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের কাছে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এএসএম শফিকুল ইসলাম সেকুল, সহসভাপতি মো. শাজাহান কবির, সদস্য ইদ্রিস আলী, হুগলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আলী আজম, বড়রিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুল আমিন, মেঘশিমুল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেনসহ উপজেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

শিক্ষক নেতারা বলেন, ১৯৮৪ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো সরকারি স্বীকৃতি পেলেও আজ পর্যন্ত শিক্ষকদের এমপিওভুক্ত বা জাতীয়করণ করা হয়নি। ফলে চার দশকেরও বেশি সময় ধরে তারা কোনো সরকারি বেতন-ভাতা ছাড়াই শিক্ষাদান করে আসছেন। অনেক শিক্ষক অবসরে গেলেও চাকরির আর্থিক সুবিধা বা সামাজিক নিরাপত্তা পাননি। এতে অধিকাংশ শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।
তারা আরও জানান, ১৯৭৮ সালের অধ্যাদেশের আওতায় নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়গুলো ধাপে ধাপে জাতীয়করণ করা হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো সেই সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। তাদের ভাষ্য, এসব মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম জড়িত।

শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের কাছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিওভুক্ত বা জাতীয়করণ, নিয়মিত বেতন-ভাতা প্রদান এবং অন্যান্য ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক নেতারা সাংবাদিকদের বলেন, দেশের প্রাথমিক স্তরের ধর্মীয় শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর প্রতি কার্যকর সরকারি উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত