হরমুজ প্রণালিতে উত্তেজনা: ইরানে একাধিক হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের, নিহত ১
আরবান ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১১:২৩ দুপুর

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে তারা। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, এসব অভিযানে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।
সেন্টকমের দাবি, হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট অস্ত্রসজ্জিত নৌকাসহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। অভিযানে যুদ্ধবিমান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আত্মঘাতী আকাশ ও সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়।
মার্কিন বাহিনীর ভাষ্য, হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা কমিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের সর্বশেষ সামরিক অভিযান শেষ হয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলার সময় দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস এলাকায় অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই সেন্টকম তাদের অভিযান সমাপ্তির ঘোষণা দেয়।
পরে ইরনা আরও জানায়, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। প্রদেশটির নিরাপত্তা ও আইন প্রয়োগ সংক্রান্ত ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে সংস্থাটি জানায়, সোমবার সকালের হামলায় একজন নিহত এবং চারজন আহত হন।
হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদিত রুট ব্যবহারকারী জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযান আরও তীব্র হয়ে উঠেছে।
এই নতুন উত্তেজনা গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার মুখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।
উল্লেখ্য, ওই অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে সংঘাতের অবসানের পথ তৈরি করা। তবে ট্রাম্প যুদ্ধবিরতি শেষ বলে ঘোষণা দিলেও ওয়াশিংটন জানিয়েছে, কূটনৈতিক আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি। মধ্যস্থতাকারীরা এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



_medium_1781506023.jpg)



