সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় তিন বছরে ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ব্রিটেন


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৩ জুলাই ২০২৬, ১১:২৬ দুপুর

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইহুদিবিদ্বেষী হামলার ঘটনার পর যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী তিন বছরে ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

সরকার জানিয়েছে, নতুন এই অর্থের বড় একটি অংশ অতিরিক্ত পুলিশ নিয়োগে ব্যয় করা হবে। এর আওতায় ইংল্যান্ড ও ওয়েলসে ৫০০ জনের বেশি নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তারা ইহুদি অধ্যুষিত এলাকা, ইহুদি স্কুল, উপাসনালয় ও কমিউনিটি সেন্টারের আশপাশে নিয়মিত টহল দেবেন।

সরকারের আশা, এতে এসব এলাকার নিরাপত্তা আরও জোরদার হবে। গত কয়েক মাসে যুক্তরাজ্যে ইহুদিদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে একাধিক হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের মার্চে ইহুদি কমিউনিটির ব্যবহৃত চারটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়। এরপর এপ্রিলে উত্তর লন্ডনে ইহুদিবিদ্বেষী ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ওই ঘটনার পর দেশটির জাতীয় সন্ত্রাসবাদ হুমকির মাত্রা ‘উল্লেখযোগ্য’ থেকে বাড়িয়ে ‘গুরুতর’ করা হয়।

সরকার জানায়, এপ্রিলে ঘোষিত ২৫ মিলিয়ন পাউন্ডের তহবিলের অতিরিক্ত হিসেবে নতুন অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। নতুন পরিকল্পনার আওতায় লন্ডনে প্রায় ৩০০ জন এবং গ্রেটার ম্যানচেস্টারে প্রায় ৮০ জন অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক ইহুদি বসবাসকারী এলাকাগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় আরও ৪৩ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে ইহুদিবিদ্বেষ বৃদ্ধি পাওয়া ব্রিটেনের মূল্যবোধের জন্য বড় চ্যালেঞ্জ। এই ধরনের বিদ্বেষ ও হামলা মোকাবিলা করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন তহবিল থেকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ৮৬ মিলিয়ন পাউন্ড পাবে। এ ছাড়া সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম পরিচালনায় আরও ৫৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে।

সূত্রঃ রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত