অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস: বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে ফ্রান্স
আরবান ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১১:২০ দুপুর

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের চার দল। শিরোপার লড়াইয়ে এখন টিকে আছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ চারের এই মহারণের আগে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা অ্যানালিস্ট তাদের সুপারকম্পিউটারের মাধ্যমে শিরোপা জয়ের সম্ভাবনার পূর্বাভাস প্রকাশ করেছে। সেই হিসাব অনুযায়ী, সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স, আর সবচেয়ে কম সম্ভাবনা দেখানো হয়েছে আর্জেন্টিনার।
অপ্টার পূর্বাভাসে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৪.০৫ শতাংশ। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের দুর্দান্ত ফর্ম, পাশাপাশি দলটির ভারসাম্যপূর্ণ স্কোয়াডের কারণে ফরাসিদের সবচেয়ে বড় দাবিদার হিসেবে বিবেচনা করা হয়েছে।
শিরোপা জয়ের সম্ভাবনায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ভালো ফুটবল খেলা দলটির সম্ভাবনা ২৩.৪৫ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। জুড বেলিংহাম ও হ্যারি কেইনের নেতৃত্বে নকআউট পর্বে শক্তিশালী পারফরম্যান্স করা ইংলিশদের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ।
অন্যদিকে, চার সেমিফাইনালিস্টের মধ্যে সবচেয়ে কম সম্ভাবনা দেখানো হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল মেসিদের টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২০.৫৫ শতাংশ বলে জানিয়েছে অপ্টা।
সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ, আর স্পেনের ৪২.৩০ শতাংশ।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই লড়াইকে প্রায় সমান সম্ভাবনার হিসেবে দেখলেও ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রেখেছে অপ্টা। ফাইনালে ওঠার সম্ভাবনা ইংল্যান্ডের ৫০.৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৯.০৬ শতাংশ।
তবে এসব পরিসংখ্যান কেবল সম্ভাবনার পূর্বাভাস। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কোন দল ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে।

_medium_1781506380.jpg)


_medium_1763296851.jpg)
_medium_1759559835.jpg)
_medium_1758695191.jpg)
