মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

তারাকান্দায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইদিনে উভয় পক্ষের নিহত-২ এবং আহত-১


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ১৩ জুলাই ২০২৬, ১০:৩২ রাত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

১২ জুলাই-২০২৬ ইং তারিখ রোজ রবিবার আকরামুল হক (৪৫)এর হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুরুতর আহত নূরজাহান (৪৫) নামের এক মহিলা চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জুলাই-২০২৬ ইং তারিখ রোজ সোমবার দুপুরে মারা যান। নিহত নূরজাহান উপজেলার বিসকা ইউনিয়নের আব্দুল হাইয়ের স্ত্রী এবং আকরামুল হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি আল-আমিন মাষ্টারের মা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই (রবিবার) দুপুরে উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের খিচা মনাটি পাকা রাস্তা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আকরামুল হককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই ক্ষুব্ধ স্বজনরা প্রধান সন্দেহভাজন আল-আমিনের বাড়িতে হামলা চালায়। এ সময় আল-আমিনের মা নূরজাহান ও তার স্ত্রী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় নূরজাহানকে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই-২০২৬ ইং তারিখ রোজ সোমবার দুপুরে তিনি মারা যান।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিতে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাশিদ জানান, আকরামুল হক হত্যাকাণ্ডের পরপরই প্রধান সন্দেহভাজন আসামি আল-আমিন মাষ্টারের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে আল-আমিনের স্ত্রী ও মা নূরজাহান আহত হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত নূরজাহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সোমবার মারা যান। তিনি বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে পরস্পরবিরোধী দুই পক্ষের সংঘর্ষে দুই দিনে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।নিহত নূরজাহানের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় পৃথক কোনো মামলা দায়ের হয়নি। তবে আকরামুল হত্যা ও পরবর্তী হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত