সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

গাইবান্ধায় নিজ বাড়ির বারান্দায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ১২ জুলাই ২০২৬, ১১:১৪ রাত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ কঞ্চিপাড়া মাঝিপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দা থেকে শাহজালাল (৪৫) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার।

নিহত শাহজালাল উপজেলার দক্ষিণ কঞ্চিপাড়া মাঝিপাড়া গ্রামের মৃত নিয়ামত উল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের পাশাপাশি বাঁশশিল্পের কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে খাবার খেয়ে শাহজালালের স্ত্রী গোলেদা বেগম ঘরের ভেতরে এবং শাহজালাল বারান্দায় ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে গোঙানির শব্দ শুনে বাইরে এসে তিনি স্বামীকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি লাশের পাশেই পড়ে ছিল। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে অটোরিকশাচালক পাঞ্জু মিয়ার অভিযোগ, তার জ্যাঠাতো ভাই গোলাম হোসেন এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন। তিনি দাবি করেন, গোলাম হোসেনের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। তিনি প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন এবং শাহজালাল এর প্রতিবাদ করতেন। প্রায় পাঁচ মাস আগে স্ত্রীকে কোদাল দিয়ে মারধরের ঘটনায় গোলাম হোসেনের স্ত্রী বাবার বাড়িতে চলে যান এবং পরে ঢাকায় বসবাস শুরু করেন। ওই ঘটনার জের ধরেই ক্ষোভ থেকে তার বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বারান্দার কক্ষের পাটাতনের নিচের অংশ খুলে ঘরে প্রবেশ করে শাহজালালকে গলা কেটে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। মামলা হলে জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত