মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আকন্দ সোহাগ, মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:১১ রাত

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নাজিমুদ্দিন বাবু ফকির (২৭) নামে এক রাজমিস্ত্রী যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার ( ১২ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি উত্তর পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবু ফকির, কোয়ালীকান্দি বাজারের জহরুল ফকিরের ছেলে।
বাবু ফকিরের চাচা ও চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবহান ফকির বলেন,আজ সকালে আমার ভাতিজা বাবু,কোয়ালীকান্দি উত্তরপাড়ায় আমার সম্পর্কে বোনজামাই সামাদ এর বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যায়৷ এসময় বোনজামাই এর বাড়ির বৈদ্যুতিক সমস্যা হলে ভাজিতা বাবু ফকির মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তাকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহত বাবু ফকিরের এক স্ত্রী ও ২২ দিন বয়সী ছেলে ও ৬ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে পুরো গ্রামে চলছে শোকের ছায়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আবু রায়হান বলেন, বাবু ফকির নামে রোগীকে জরুরি বিভাগে আনার আগেই তিনি মারা গেছেন। এরপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানাই।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) স্নেহাশীষ রায় বলেন,বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলায় হবে।







