নেত্রকোণার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার পূর্বধলা থানার হাবিবুর রহমান
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:০২ সকাল

অপরাধ দমন, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন এবং গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএম।
মঙ্গলবার (১৪ জুলাই) নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলার সব থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনে বিভিন্ন থানার কার্যক্রম পর্যালোচনা করা হয়। কর্মদক্ষতা, তদন্তে সাফল্য এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ করে ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে দক্ষতা এবং জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখায় হাবিবুর রহমানকে জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
একই সভায় অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, মামলা তদন্তে দক্ষতা ও সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এছাড়া পূর্বধলা থানার এসআই আব্দুল্লাহ আল রাহিদ এবং কনস্টেবল নাহিদ হাসান খান বিশেষ পুরস্কারে ভূষিত হন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “এ স্বীকৃতি শুধু আমার নয়, পূর্বধলা থানার পুরো টিমের। সহকর্মীদের আন্তরিক সহযোগিতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সাধারণ মানুষের সহযোগিতার কারণেই আমরা গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, চলতি বছরের ৮ মার্চ পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ হাবিবুর রহমান। দায়িত্ব নেওয়ার পর থেকে মাদকবিরোধী অভিযান জোরদার, একাধিক চাঞ্চল্যকর ও ক্লু-লেস মামলার সফল তদন্ত, পলাতক আসামি গ্রেপ্তার, থানার তদন্ত কার্যক্রমে গতি আনা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকায় প্রশংসা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে তদন্ত কার্যক্রমে গতি বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি ও অপরাধ দমনে পূর্বধলা থানার সাফল্যও দৃশ্যমানভাবে বেড়েছে।






_medium_1784026260.jpg)
