বিয়ের পাঁচ দিনের মাথায় পূর্বধলায় নববধূর রহস্যজনক মৃত্যু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৮:৫০ রাত
_original_1784127046.jpg)
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় রিয়া মনি (২২) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ৯ নম্বর খলিশাউড় ইউনিয়নের ডুপিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়া মনি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে। গত ১০ জুলাই পারিবারিকভাবে খলিশাউড় ইউনিয়নের ডুপিরকান্দা গ্রামের ইমরান মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে রিয়া মনি রান্নাবান্নার কাজ শেষ করে স্বামীর সঙ্গে নিজ কক্ষে ছিলেন। কিছু সময় পর শাশুড়ি সালেমা খাতুন তাকে খুঁজতে গিয়ে ঘরে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানান। পরে বড় ভাসুর হানিফ মিয়া পাশের একটি কক্ষের জানালা দিয়ে তাকিয়ে দেখেন, রিয়া মনি হলুদ রঙের একটি ওড়না গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে নিচে নামিয়ে পূর্বধলা থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে এসআই রাশেদ খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পরিবারের সদস্যদের দাবি, বিয়ের পর স্বাভাবিকভাবেই তাদের সংসার চলছিল। তবে সম্প্রতি তারা জানতে পারেন, বিয়ের আগে রিয়া মনি ঢাকায় একটি কারখানা বা বাসাবাড়িতে কাজ করতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা তার কাছে জানতে চান এবং বিয়ের ঘটকের সঙ্গেও কথা বলেন। তাদের ধারণা, এ বিষয়টি নিয়ে মানসিক চাপে পড়ে রিয়া মনি আত্মহত্যা করে থাকতে পারেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।




_medium_1784127046.jpg)


