বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় জুলাই শহিদ দিবস পালিত, শহিদদের আদর্শে দেশ গঠনের আহ্বান


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৬ জুলাই ২০২৬, ০২:৩৬ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাছান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, এম. এ. মান্নান, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার ও আহমদ আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বধলা উপজেলা আমির মাহফুজুল হক খান, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুজ্জামান খান, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আমিনুল হক লিমন, উপজেলা এনসিপির আহ্বায়ক আনোয়ার হোসেন কাজল, জুলাই আন্দোলনের শহিদ রমজান আলীর ছেলে মো. কামাল হোসেন এবং গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি জাহিদ হাসান কাঞ্চন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তাদের স্মৃতি ও আদর্শ ধারণ করে দায়িত্বশীলতা, ঐক্য এবং জনসেবার মানসিকতা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত