যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে লাশ হয়ে ফিরল জামালপুরের লিমন, গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৮:৩৭ রাত
জামালপুরের ছেলে লিমন যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে লাশ হয়ে ফিরল, সোমবার বাদ মাগরিব গ্রামের বাড়িতে তার দাফন কাজ সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিহত শিক্ষার্থী জামিল আহমেদ ওরফে লিমন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামের বাসিন্দা।
এর আগে নিহত লিমনের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সোমবার সকাল ৮.৪০ মিনিটের দিকে। মরদেহ গ্রহণের জন্য তার বাবা-মা ও স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবারসহ ঢাকায় চলে যান এবং সেখানেই বসবাস করতেন। তিনি একটি টেক্সটাইল কারখানায় চাকরি করেন। মাঝে মধ্যে তারা গ্রামের বাড়িতে আসতেন। লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২৪ সালের জুলাই মাসে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে গত ২৪ এপ্রিল তার দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহ (২৬)-কে গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। লিমন হত্যাকান্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





_original_1757748225_medium_1773037639_medium_1775365757.jpg)
