পূর্বধলায় পৃথক অভিযানে ভারতীয় কম্বলসহ দুই নারী আটক
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:৫৫ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় পৃথক দুটি বিশেষ অভিযানে ২০ পিছ ভারতীয় কম্বলসহ দুই নারীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।
সোমবার (৪ মে) দুটি পৃথক বিশেষ অভিযানে কম্বলসহ তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্বধলা চৌরাস্তায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় বাসটি থেকে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়। আটককৃত নারী দুর্গাপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।
অপরদিকে, একইদিন দুপুর ১২টা ৫ মিনিটে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালান। এ সময় দেলোয়ারা আক্তার সাথী (৩০) নামে এক নারীকে আটক করা হয়। আটককৃত নারী দুর্গাপুর থানার পুলিশ মোড় এলাকার বাসিন্দা। তার কাছ থেকেও ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এ ধরনের কম্বল দেশে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় পৃথকভাবে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




_medium_1777872172.jpg)


