রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ০৮ মার্চ ২০২৬, ০১:২০ দুপুর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। 
 
শনিবার (৭ মার্চ) বিকেলে কলমাকান্দা জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ব্যারিস্টার কায়সার কামাল, ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য।
 
অনিবার্য কারণে  উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।” এ ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদরাসা শিক্ষকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
 
প্রতিমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে এমন একটি মানবিক সমাজ গঠন করতে হবে, যেখানে সকল ধর্মাবলম্বী শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবেন। তিনি একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন, যেখানে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।
 
 
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় মসজিদের ইমাম ও মাদরাসা শিক্ষকদের উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাল বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না; অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
এ ছাড়া এলাকার রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শতভাগ সততার সঙ্গে বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন প্রতিমন্ত্রী।
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পাঁচটি গ্রুপে বিভক্ত করা হয়। তারা কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও আজান পরিবেশনের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরেন।
 
প্রতিযোগিতার প্রতিটি গ্রুপে বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। প্রথম স্থান অধিকারীদের দেওয়া হয় একটি করে বাইসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ডিনার সেট এবং তৃতীয় স্থান অধিকারীদের নরমাল ডিনার সেট প্রদান করা হয়।
 
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি যাইনুল আবেদীন। অনুষ্ঠানে আয়োজক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা এবার পুরস্কার পায়নি, তারা যেন ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করে। তিনি তার ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য কলমাকান্দাবাসীর কাছে দোয়া কামনা করেন এবং সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত