পূর্বধলায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ আহত ৩
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৯ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে ময়মনসিংহ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা সদর ইউনিয়নের আতকাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিরিশিরিগামী টাঙ্গাইল জ–০৪–০০০৭ নম্বরের একটি যাত্রীবাহী বাস পূর্বধলা চৌরাস্তা অতিক্রম করে আতকাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।
আহত ব্যক্তিরা হলেন সোনিয়া (২৯), নাবা (৪) ও রাশিদা (৩৫)। তাদের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। আহতদের প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে সিএনজিটির সামনের কাচ ভেঙে যায় এবং বডি আংশিক দুমড়ে-মুচড়ে যায়।
বাসের যাত্রী ও চালকের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা সিএনজিটি ভুল পাশে চলে আসায় দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা দাবি করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর সিএনজিচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় জড়িত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







