দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতিকে প্রাণনাশের হুমকি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা
আরবান ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:৫৬ দুপুর

নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে সভাপতি কলি হাসানের ব্যবহৃত নেমপ্লেট, নগদ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্রাদী গায়েব ও সাংবাদিক কলি হাসানকে প্রাণনাশের হুমকি'র ঘটনায় তিনজনকে আসামী করে নেত্রকোণা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা রুজু করা হয়েছে । ৫ মার্চ দুপুরে নেত্রকোণা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বিঘ্ন অপরাধের ঘটনায় এ মামলা রুজু করা হয়। দ্রুত বিচার মামলা সি আর নং-৮(১)২৬। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিজ্ঞ বিচারক নুসরাত জাহান মামলাটি আমলে নিয়ে
পিবিআই'কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
অভিযুক্তরা হলো বালিচান্দা গ্রামের বাছির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম, দেশওয়ালীপাড়া গ্রামের অখিল সাহার ছেলে পলাশ সাহা, কাচারিমোড় এলাকার রইছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন।
গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে পরিকল্পিত হামলা,মারধর চেষ্টা ও প্রাণনাশের হুমকি'র ঘটনাটি ঘটে।
বিবরণে জানা যায়, দুর্গাপুর সাংবাদিক সমিতি- ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন কলি হাসান । নির্বাচনের প্রায় পাঁচ দিন পর ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ২৮ ফেব্রুয়ারী মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা সমাপ্তির পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের তিনজন সদস্য সভাপতি কলি হাসানকে অফিস কক্ষে অশ্লীল ভাষায় গালাগালি ও মারধর করতে উদ্দ্যত্ত হয়। ঘটনার দিন দিবাগত রাত পৌনে ৯টার দিকে অফিসে গিয়ে নেমপ্লেট ভাঙা, জি.আর চাল বিক্রির ৩৫ হাজার নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্রাদী নিয়ে যায়। ওইদিন রাতেই দুর্গাপুর সাংবাদিক সমিতির মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সকল সদস্যকে অবহিত করেও কোন সন্ধ্যান মিলেনি। ঘটনার পর থেকেই সাংবাদিক কলি হাসান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি কলি হাসান ক্ষোভ প্রকাশ করে জানান, আমি দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দুর্গাপুর সাংবাদিক সমিতি নির্বাচন-২০২৫ এ সভাপতি পদে নির্বাচিত হই। নির্বাচনের পর থেকে পরাজিত মহলটি নানাভাবে বর্তমান পর্ষদকে বিভ্রান্ত করার পায়তারা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২৮ তারিখের মিটিংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম পরিকল্পিত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমাকে মেরে ফেলার হুমকি প্রদর্শন করা হয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। আইনি সহায়তা পেতে আদালতের সম্মুখীন হয়েছি।




_medium_1772622814.jpg)


