বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

ত্রিশালে এসএসসিতে পাসের হার ৫২%, ২ মাদ্রাসায় সবাই ফেল


  মো: শরিফুল ইসলাম

প্রকাশ :  ১৯ আগস্ট ২০২৬, ০৭:০৪ বিকাল

ত্রিশাল উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামগ্রিকভাবে পাসের হার সন্তোষজনক না হলেও ভোকেশনাল শাখায় তুলনামূলক ভালো ফল হয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, উপজেলার দুটি মাদ্রাসার কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি এবং পাশ করার মতো কেবল ১ জন করে শিক্ষার্থী রয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৬টি।
 
​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় উপজেলার বিভিন্ন শাখায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠান দুটি হলো ধলা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা এবং আহম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা। অন্যদিকে, যেসব প্রতিষ্ঠান থেকে মাত্র ১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সেগুলো হলো সানকিভাঙ্গা জুনিয়র বিদ্যালয়, পূর্ব আমিরাবাড়ী হুসাইনিয়া দাখিল মাদরাসা, মোক্ষপুর আব্দুল মালেক দাখিল মাদরাসা, বাবুপুর নীলের বাজার দাখিল মাদরাসা, রামপুর কাকচর বালিকা দাখিল মাদরাসা ও আউলটিয়া দাখিল মাদরাসা।
 
​শাখাভিত্তিক ফলাফলের চিত্র পর্যালোচনায় দেখা যায়, উচ্চ বিদ্যালয় সমমানের ৫২টি প্রতিষ্ঠানে মোট ৪,৪৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ২,২৯৮ জন এবং অকৃতকার্য হয়েছেন ২,১৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন এবং এই শাখায় পাসের হার ৫১.৮৫ শতাংশ। ভোকেশনাল শাখায় ১১টি প্রতিষ্ঠানের ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৫০ জন এবং ফেল করেছে ১৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন এবং পাসের হার ৬৮.০৯ শতাংশ। অন্যদিকে, ৪৫টি মাদ্রাসার ৯৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৪১৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৫৭ জন। এই শাখায় জিপিএ-৫ এসেছে মাত্র ৭টি এবং পাসের হার দাঁড়িয়েছে ৪২.৬৩ শতাংশে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, যেসব প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয় ঘটেছে, সেখানে শিক্ষার মানোন্নয়নে অবিলম্বে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত