বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৫৮ কৃষক পেলেন প্রধানমন্ত্রীর উপহার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৯ জুন ২০২৬, ১০:০২ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিশেষ ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এ সহায়তা বিতরণ করা হয়।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ঘাগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে দুই মাসের (মে ও জুন) ভর্তুকি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হাওর মানবিক সহায়তা কার্ডের আওতায় প্রথম দফায় ঘাগড়া ইউনিয়নের ১৫৮ জন তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে খাদ্য ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রতি কৃষককে প্রতি মাসে ৩ হাজার টাকা নগদ অর্থ ও ১৫ কেজি চাল দেওয়ার কথা থাকলেও মে ও জুন মাসের বকেয়াসহ এককালীন প্রত্যেককে ৬ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

উপকারভোগী কৃষকদের হাতে সহায়তা তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

এ সময় ইউএনও শফিকুল ইসলাম বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে এবং প্রত্যক্ষ নির্দেশনায় সারা দেশের ন্যায় পূর্বধলার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। এই উপজেলায় মোট ১ হাজার ৬৩ জন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষককে পর্যায়ক্রমে মানবিক সহায়তা কার্ডের আওতায় আনা হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কৃষক পরিবারকে কষ্টে দিনাতিপাত করতে না হয়।" তিনি বিতরণ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আসাদুজ্জামান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. জয়েন আলী, ঘাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্যসহ  অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা পেয়ে সংকটে থাকা কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উপকারভোগীরা জানান, দুর্যোগে ক্ষতির মুখে পাওয়া এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটাই সহায়ক হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত