পূর্বধলায় ৪ হাজার শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৬:৪৮ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪ হাজার নিবন্ধিত ও অনিবন্ধিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে উপজেলা এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে পূর্বধলা এরিয়া প্রোগ্রাম (এপি) কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের হাতে ছাতা, খাতা ও সাবান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল হক।

তিনি বলেন, শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, নৈতিক মূল্যবোধ ও স্বাস্থ্য সচেতনতার শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়তা করে।
পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তারা জানান, শিশুদের স্বাস্থ্যবিধি চর্চায় উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের দৈনন্দিন প্রয়োজনের কিছুটা সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মো. মবিন উদ্দিন।
সঞ্চালনা করেন পূর্বধলা এপির স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা ভজন চিরান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্বধলা এপির প্রোগ্রাম অফিসার ব্যাবলি রংমা।
এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী শিশুরা উপস্থিত ছিলেন।







