জারিয়া-দুর্গাপুর রেলপথ সম্প্রসারণে পরিদর্শনে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৫:৩০ বিকাল

প্রায় ১১০ বছরের পুরোনো স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলায়। জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগে স্থানীয় মানুষের মাঝে নতুন করে আশাবাদ দেখা দিয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন রেলপথ সচিব ফাইমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা, ভৌগোলিক অবস্থা ও কারিগরি বিষয়গুলো সরেজমিনে পর্যালোচনা করেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলে রেল যোগাযোগ চালুর সম্ভাবনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
স্থানীয় প্রবীণদের ভাষ্য, “শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরে রেললাইন আসবে”-এমন স্বপ্নের কথা তারা বহু বছর ধরে শুনে আসছেন। কিন্তু বাস্তবে তা কখনও আলোর মুখ দেখেনি। এবার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সরেজমিন পরিদর্শন সেই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়নের আশা আরও জোরালো করেছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দুর্গাপুর অঞ্চলে কৃষিপণ্য, কয়লা ও পাথর পরিবহনে বর্তমানে সড়কপথই একমাত্র ভরসা। এতে পরিবহন ব্যয় যেমন বেশি, তেমনি সময় ও ঝুঁকিও রয়েছে। রেলপথ চালু হলে ঢাকা ও ময়মনসিংহের সঙ্গে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, যা এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনবে।
শিক্ষার্থীদের মতে, উচ্চশিক্ষার জন্য প্রতিনিয়ত ময়মনসিংহ ও ঢাকায় যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। রেল যোগাযোগ চালু হলে কম খরচে নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের সুযোগ তৈরি হবে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, সোমেশ্বরী নদীঘেরা দুর্গাপুর দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। রেল যোগাযোগ স্থাপিত হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের সরাসরি যাতায়াত সহজ হবে। এতে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, হাবিবুর রহমান ফকির, ইসতিয়াক আহম্মেদ বাবু, পূর্বধলার ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহান, পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।






_medium_1778585066.jpg)
