বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় টাকার বিনিময়ে কেরাম খেলার বিরুদ্ধে ওসির অভিযান, জব্দ দুই বোর্ড


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৩ মে ২০২৬, ০৮:১৬ সকাল

নেত্রকোনার পূর্বধলায় টাকার বিনিময়ে কেরাম খেলার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি কেরাম বোর্ড জব্দ করেছে পূর্বধলা থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার হোগলা সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে কেরাম খেলার নামে জুয়ার আসর বসানোর অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হলে পুলিশ অভিযান শুরু করে।

থানায় যোগদানের পর থেকেই ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এসব আলোচনায় মাদক ও জুয়ার পাশাপাশি টাকার বিনিময়ে কেরাম খেলা কিশোর ও যুবসমাজকে বিপথগামী করছে বলে অভিযোগ ওঠে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সমাজ থেকে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে পুলিশ কাজ করছে। কোথাও টাকার বিনিময়ে কেরাম খেলা বা জুয়ার আসরের তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের তথ্য সরাসরি তাকে জানাতে স্থানীয় বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত