“মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দালাল নয়” — কলমাকান্দায় মানববন্ধন
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৮:২৪ রাত

নেত্রকোনার কলমাকান্দায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা সদরের হাসপাতাল রোডের মনতলা এলাকায় কলমাকান্দা উপজেলা ফারিয়ার আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলমাকান্দা উপজেলা ফারিয়ার সহ-সভাপতি মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজুয়ান মিয়া। এছাড়াও বক্তব্য দেন উপদেষ্টা মো. রিপন মিয়া, দ্বীন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। ওষুধ শিল্প ও জনস্বাস্থ্য খাতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন সময় তারা হয়রানি ও অপমানজনক আচরণের শিকার হন।
তাই পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে শতাধিক ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন। এসময় তারা পেশার স্বীকৃতি ও সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।






