শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় দাদির সঙ্গে নদীতে গিয়ে পানিতে পড়ে প্রাণ গেল দেড় বছরের শিশুর


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৯ আগস্ট ২০২৬, ০২:২২ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় কংশ নদীতে পড়ে সাদিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর ঘটনার স্থান থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের গাংগের বেড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার ওই গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে সাদিয়া তার দাদির সঙ্গে বাড়ির সামনের পূর্ব পাশে কংশ নদীতে যায়। এ সময় তার দাদি নদীতে কাপড় ধুচ্ছিলেন। একপর্যায়ে খেলার ছলে দাদির অজান্তে শিশুটি নদীতে পড়ে যায়।

পরে দাদির চিৎকারে আশপাশের লোকজন ও শিশুটির স্বজনেরা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত করা হয়।

শনিবার সকাল ৮টার দিকে গাংগের বেড়া গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে জারিয়া পূর্বপাড়া এলাকার কংশ নদীতে সাদিয়ার মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত