পূর্বধলায় মিছিলের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতা-কর্মী আটক
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮:১৭ রাত

নেত্রকোনার পূর্বধলায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ছয়টার দিকে উপজেলার ৯ নম্বর খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে শ্যামগঞ্জ-জারিয়া সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনটির জেলা সভাপতি পদপ্রার্থী হাসিব ইবনে হান্নান রিদমের নেতৃত্বে ভোরে প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে কয়েকজন নেতা-কর্মী পাবই এলাকায় জড়ো হন। পরে তাঁরা পাবই থেকে শ্যামগঞ্জগামী পাকা সড়কে মোটরসাইকেল নিয়ে মিছিল করার চেষ্টা করেন।
স্থানীয় গ্রাম পুলিশ বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে দ্রুত বিভিন্ন দিকে পালিয়ে যান।
পরে পুলিশ ধাওয়া করে ১১ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন-আটপাড়া উপজেলার মারুফ হোসেন মুন্না (২০), সিয়াম আহমেদ (১৮), শিপন মিয়া (১৮) ও ইবনে শফি সামি দ্বীপ (১৮)। পূর্বধলা উপজেলার জাহিদুল হাসান ফয়সাল (২৫), মো. নাঈম ইসলাম (২৮), লোকমান আহম্মেদ (২৬), ফজলে এলাহী ময়না (২৯), মাহফুজ আকম শরীফ (২৬), শাওন শেখ (১৬) ও ইমরান (১৫)।
এদিকে ঘটনার খবর পেয়ে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পৃথক অভিযান চালিয়ে আটপাড়া উপজেলার সুখারি এলাকার আরিফ জাহান বিজয় (১৯) ও শ্রীরামপাশা এলাকার রুদ্র মিয়া (১৯)-কে আটক করে। পরে ময়মনসিংহের গৌরীপুর থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ডিবির পৃথক অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তাইজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের অভিযোগ, মিছিলের সঙ্গে জড়িত কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



_medium_1787816651.jpg)



