শেরপুরে কৃষকের সাথে ধান কাটলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ডাঃ প্রিয়াঙ্কা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৮:৩৮ রাত
_original_1778510298.jpg)
শেরপুরের চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকদের সঙ্গে প্রতীকী ধান কাটায় অংশ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
রোববার (১১ মে) দুপুরে শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের পয়স্তির চর গ্রামে স্থানীয় কাটাখালি খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে তিনি এ প্রতীকী ধান কাটেন।
এসময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রিয়াঙ্কার বাবা মো. হযরত আলীসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধান কাটার পর ডা. প্রিয়াঙ্কা বলেন, চরাঞ্চলের কৃষকরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সোনালী ধান উৎপাদন করেন। তাদের কাজে উৎসাহ দিতে এবং তাদের কষ্ট কিছুটা অনুভব করতেই তিনি কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, কৃষকদের শ্রম ও ঘামের বিনিময়ে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। এছাড়া প্রান্তিক কৃষকদের সার, তেল, বীজসহ বিভিন্ন প্রণোদনা নিশ্চিত করার বিষয়েও সংসদে কথা বলবেন বলে জানান তিনি।
এসময় সম্ভাব্য খাল খননের স্থান পরিদর্শন করে কৃষকদের ধানের ক্ষতি যেন না হয়, সে বিষয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে আলোচনা করেন ডা. প্রিয়াঙ্কা।







