নতুন কুঁড়ি স্পোর্টসে পূর্বধলার জয়জয়কার, দুই স্বর্ণের সঙ্গে রৌপ্য
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:০১ রাত

নেত্রকোণা জেলা পর্যায়ে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট (কারাতে) ইভেন্টে সাফল্য দেখিয়েছে পূর্বধলা উপজেলার শিক্ষার্থীরা। বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে তারা জেলার ক্রীড়াঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে।
গত বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত প্রতিযোগিতায় বালিকা ব্যাডমিন্টন একক ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন হয়েছে পূর্বধলার হোগলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্পর্শিয়া সিদ্দিকা। সে বিদ্যালয়ের রোল নম্বর-১ শিক্ষার্থী।

একই দিনে দাবার দলগত ইভেন্টেও চ্যাম্পিয়ন হয় পূর্বধলার দুই শিক্ষার্থী। স্পর্শিয়া সিদ্দিকার সঙ্গে জুটি বেঁধে স্বর্ণপদক জিতেছে পূর্বধলা জগতমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাবিহা রাইসা তালুকদার।
অন্যদিকে শুক্রবার (৮ মে) নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়ামের ইনডোরে অনুষ্ঠিত মার্শাল আর্ট (কারাতে) প্রতিযোগিতার ৪৫ কেজির বেশি ওজন শ্রেণির একক ইভেন্টে রানার্সআপ হয়েছে পূর্বধলা জগতমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্পন্দন দে। ফাইনালে নেত্রকোণা সদর উপজেলার প্রতিযোগীর কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হলেও তার পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার সকালে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বধলা দলের ব্যবস্থাপনায় ছিলেন নিরঞ্জন কুমার ভাদুড়ি এবং জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুজ্জামান।
তৃণমূল পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় পূর্বধলার শিক্ষার্থীদের সাফল্যে উপজেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।



_medium_1781338972.jpg)



