বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় স্কুলছাত্রীকে বাসে তুলে অপহরণের অভিযোগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৫ মে ২০২৬, ০৭:৫৮ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে ও জোরপূর্বক বাসে তুলে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের পাইলাটি গ্রামের ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীকে একই এলাকার সৈকত মিয়া (২৪) দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। সোমবার (৪ মে) সকাল প্রায় ১০টার দিকে হিরনপুর বাজারের অটোস্ট্যান্ড এলাকায় স্কুলে যাওয়ার পথে তিনি মেয়েটিকে প্রথমে ফুসলিয়ে এবং পরে জোর করে ঢাকাগামী একটি বাসে তুলে নিয়ে যান।

এ সময় মেয়েটি চিৎকার করলে তার চাচা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসটির পিছু নেন। তবে চলন্ত বাস থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগীর মা পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত