ঢাকা-সিলেট মহাসড়ক-সংলগ্ন জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০২:১৭ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক-সংলগ্ন জঙ্গল থেকে মঙ্গলবার (৫ মে) সকালে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক ফরহাদ হোসেন মাহি (২৩)। তিনি উত্তরখান এলাকার চানপাড়া স্বপ্নছোঁয়া বাড়ির বাসিন্দা মৃত আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল আফতাবনগর এলাকায় ঢাকা মহানগর পুলিশ-এর বাড্ডা থানা অধীন এলাকায় ফরহাদ হোসেন মাহিকে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে মারধরের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ১ মে একটি প্রাইভেটকারে করে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মরদেহটি মাধবপুর থানার আন্দিউড়া এলাকায় এনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের জঙ্গলে ফেলে রাখা হয়।
ধৃত আসামির তথ্যের ভিত্তিতে বাড্ডা থানার এসআই হানিফ মাধবপুর থানার সহযোগিতায় ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে।
মাধবপুর থানা-র অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, আন্দিউড়া এলাকা থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ধৃত আসামির দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছিল। হত্যার কারণ হিসেবে পরকীয়াজনিত সম্পর্কের বিষয়টি তদন্তে এসেছে।
প্রেরক:







