পূর্বধলায় ৫০ দিন ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, ভোগান্তিতে পাঠক
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:১৯ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় টানা ৫০ দিন ধরে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সরবরাহ বন্ধ রয়েছে। এতে স্থানীয় পাঠকেরা তথ্যসংকটে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ পত্রিকা পরিবেশক আবুল কাসেম সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে পত্রিকা বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। তিনি এখনো চিকিৎসাধীন। এর পর থেকে আজ ৫ মে পর্যন্ত উপজেলায় কোনো পত্রিকা পৌঁছেনি।
উপজেলার কয়েকজন পাঠক জানান, দীর্ঘদিন পত্রিকা না পাওয়ায় তাঁরা নিয়মিত সংবাদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিশেষ করে প্রবীণ পাঠকেরা এতে বেশি ভোগান্তিতে আছেন।
আমার দেশ পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন বলেন, সংবাদপত্র তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস। দীর্ঘদিন সরবরাহ বন্ধ থাকা দুঃখজনক। তিনি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
উপজেলা পরিষদ এলাকার এক ব্যবসায়ী রঞ্জন বলেন, পত্রিকা না পেলে দিন শুরুই অসম্পূর্ণ মনে হয়। এতদিন ধরে সরবরাহ বন্ধ থাকায় তারা সমস্যায় আছেন।
স্থানীয়ে ব্যাপারে পূর্বধলার পাঠকরা জানান, একজন হকারের ওপর পুরো ব্যবস্থাটি নির্ভরশীল হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দ্রুত বিকল্প পরিবেশক নিয়োগ দিয়ে পত্রিকা সরবরাহ চালুর দাবি জানিয়েছেন।







